নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ হলো প্রস্তর যুগের শেষ অধ্যায়, যেখানে পাথরের অস্ত্রশস্ত্র ও ব্যবহার্য দ্রব্যাদির উন্নতি ঘটে এবং শিকার-সংগ্রহ থেকে কৃষি ও পশুপালনের দিকে রূপান্তর শুরু হয়। এর ফলে সভ্যতার বিকাশ এবং নগরগুলির উত্থান সম্ভব হয়।
নব্য প্রস্তর যুগ কাকে বলে
প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগের সমাপ্তির সঙ্গে সঙ্গে নব্য প্রস্তর যুগের সূচনা হয় অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ ও মধ্য প্রস্তর যুগের পরবর্তী সময়কালকে নব্য প্রস্তর যুগ বলে। যা [Neolithic Age] নামে পরিচিত।
নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য:-
1.সময়কাল
মধ্য প্রস্তর যুগের পরবর্তী নব্য প্রস্তর যুগের কালসীমা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 10000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। তবে ভারতে এ যুগের সূচনা হয় দেরিতে 6000 খ্রিস্টপূর্বাব্দে। বালুচিস্তানের মেহেরগড় সভ্যতায় 6000 খ্রিস্টপূর্বাব্দে বা তার কিছু আগে নব্য প্রস্তর যুগের সূচনা হয় বলে ঐতিহাসিক ডি পি আগরওয়াল অভিমত দিয়েছেন।
2.কৃষির সূচনা
নব্য প্রস্তর যুগের মানুষ কৃষিকাজের কৌশল আবিষ্কার করে এবং স্থায়ীভাবে এক জায়গায় বসবাস শুরু করে। ফলে খাদ্য সংগ্রহকারী থেকে এই যুগে মানুষ খাদ্য উৎপাদনকারী তে পরিণত হয়।এই যুগে মানুষ শিকার এবং খাদ্য সংগ্রহ থেকে সরে এসে কৃষিকাজের দিকে মনোযোগ দেয়।
পূর্বে খাদ্য ও আশ্রয়ের নিশ্চয়তা না থাকায় প্রকৃতিতে মানুষ ছিল বড়ই অসহায়। কিন্তু নব্য প্রস্তর যুগে কৃষির আবিষ্কারের ফলে মানুষের সেই অনিশ্চয়তা দূর হয়। সুতরাং নব্য প্রস্তর যুগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কৃষির আবিষ্কার। এর ফলে মানুষের যাযাবর বৃত্তির অবসান ঘটে।
ভারতীয় উপমহাদেশে বালুচিস্তানের মেহেরগড়ের মানুষ প্রথম কৃষিকাজ শুরু করেছিল। কৃষিজ ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল যব , গম , ভুট্টা , খেজুর ইত্যাদি। তুলোর চাষে মেহেরগড় – এর কৃষকেরা অভ্যস্ত ছিল।

3.পশুপালনের সূচনা
নব্য প্রস্তর যুগের মানুষেরা কৃষির প্রয়োজনে পশু পালন করতে শুরু করে। পশুকে কৃষিজমিতে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি করা সম্ভব হয়। পরিবহণের কাজেও পোষ মানানো পশুকে কাজে লাগানো শুরু হয়।
এই সময় দক্ষিণ এশিয়ায় হাতি ও মহিষকে এবং জর্ডনে কুকুর ও ছাগলকে প্রতিপালন করা শুরু হয়। মনে করা হয় মানুষ সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। তারপর গরু , মোষ , ভেড়া , ছাগল ইত্যাদি পুষতে থাকে।
4.স্থায়ী বসতি নির্মাণ
নব্য প্রস্তর যুগে কৃষির আবিষ্কারের ফলে মানুষ নির্দিষ্ট কোন অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ফলে মানুষের যাযাবর জীবনের অবসান ঘটে। এসময় বন্য পশুর দ্বারা আক্রান্ত হওয়ার ভয় মানুষের অনেকটা কমে যায়। তারা এ যুগের শেষ দিকে কুটির বা গৃহনির্মাণ করতে শুরু করে। কুটির তৈরির জন্য তারা গাছের ডালপালা , লতাপাতা , ঘাস প্রভৃতি ব্যবহার করত।
এই বসতি অঞ্চল ক্রমে গ্রামে পরিণত হয়। কোথাও কোথাও এই গ্রামগুলিকে কেন্দ্র করে নগর গড়ে ওঠার সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে।
5.হাতিয়ারের ব্যবহার
এ যুগের হাতিয়ার গুলি অভাবনীয় উন্নতি সম্ভব হয়। তার কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়। পালিশ করা পাথরের হাতিয়ার ছাড়াও, লোকেরা মাইক্রোলিথিক ব্লেডও ব্যবহার করত। তারা খননকারী লাঠি এবং পাথরের নিড়ানি দিয়ে মাটি খনন করত।
এই খননকারী লাঠির ডগায় 1-1/2 কেজি ওজনের রিং পাথর লাগানো ছিল।
6.চাকার ব্যবহার
চাকা আবিষ্কারের ফলে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়তের জন্য নতুন উপায় খুঁজে পায় এবং চাকা ঘুরিয়ে মাটির পাত্র তৈরির কৌশলও আয়ত্ত করে।
অর্থাৎ চাকার আবিষ্কার এই যুগের মানুষের সামাজিক পরিবর্তনের সূচনা করেছিল।
7.শিল্পকলা
নব্য প্রস্তর যুগের মানুষ প্রতীকী চিহ্নযুক্ত ছবি আঁকতো , যা আগেকার যুগের চিত্রাঙ্কন থেকে সম্পূর্ণ আলাদা।
এশিয়ার বিভিন্ন প্রত্নক্ষেত্র এবং মিশরে আবিষ্কৃত মৃৎপাত্রের গায়ের অলংকরণ থেকে ওই সময়কার অলংকরণ শিল্পের পরিচয় পাওয়া যায়। এই সময় মানুষ মাতৃকাদেবীর মূর্তি গড়েছিল।
নব্য প্রস্তর যুগের নারীদের কাজ ছিল গৃহকার্য , সন্তান পালন , কৃষিকাজ , বস্ত্র উৎপাদন , মৃৎপাত্র তৈরি , ঝুড়ি তৈরি – প্রভৃতি।
ফসল মজুদ রাখার জন্য প্রয়োজন ছিল পাত্রের। তাই বলা যায় কৃষিকাজ পাত্র নির্মাণকে পরোক্ষভাবে উৎসাহিত করেছিল। মৃৎ শিল্পের সূচনা হয়েছিল এই ভাবেই।
8.সমাধি প্রথা
নব্য প্রস্তর যুগের মানুষেরা মৃত মানুষকে কবর দেওয়া ও সমাধি দেওয়া প্রথার কৌশল আয়ত্ত করেছিল।
তারা মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করতেন। তাই তারা মৃতদেহের সমাধিতে তার ব্যবহার্য প্রয়োজনীয় জিনিস এবং নিত্য জীবনের নানা উপকরণ রেখে দিতেন।
কোন কোন সময় মৃতদেহে লাল রঙের প্রলেপ দেওয়া হতো।
9.অস্তিত্বের নিদর্শন
ভারতের মেহেরগড় সভ্যতা নব্য প্রস্তর সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এছাড়া ইরাকের জারমো ও হাসুনা , জর্ডনের জেরিকো , দক্ষিণ মেসোপটেমিয়া , আনাতোলিয়া মালভূমি , সুইজারল্যান্ড , বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তান , ভারতের বিহার , উড়িষ্যা ও দাক্ষিণাত্যের বিভিন্ন স্থানে নব্য প্রস্তর যুগের সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে।
উপসংহার
প্রস্তর যুগের সমাপ্তি নবপ্রস্তর যুগ দ্বারা চিহ্নিত করা হয়, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে উদ্ভূত বিস্তৃত উদ্ভাবনের দ্বারা চিহ্নিত। এটি প্রায় 6,000 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ভারতে টিকে ছিল। নবপ্রস্তর যুগের শেষের দিকে তামা ধাতুবিদ্যার বিকাশ ঘটে, যা ব্রোঞ্জ যুগের একটি ক্রান্তিকালীন পর্যায় স্থাপন করে, যা ক্যালকোলিথিক বা এনিওলিথিক যুগ নামেও পরিচিত।







