
প্রাচীন ভারতের ইতিহাসে মৌর্য বংশ (Maurya Dynasty) ছিল প্রথম শক্তিশালী ও সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী রাজবংশ। খ্রিস্টপূর্ব আনুমানিক ৩২২ অব্দে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তাঁর রাজনৈতিক গুরু চাণক্য (কৌটিল্য)-এর সহায়তায় নন্দ বংশের পতন ঘটিয়ে মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। রাজধানী পাটলিপুত্রকে কেন্দ্র করে এই সাম্রাজ্য উত্তর-পশ্চিম ভারতের সীমান্ত থেকে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত প্রসারিত হয়।
মৌর্য শাসকরা শুধু সাম্রাজ্যের বিস্তারেই নয়, বরং সুশৃঙ্খল প্রশাসন, শক্তিশালী সেনাবাহিনী, উন্নত রাজস্বব্যবস্থা, সুদক্ষ কূটনীতি এবং জনকল্যাণমূলক নীতির মাধ্যমে ভারতীয় ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেন। বিশেষত সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধধর্ম গ্রহণ করে অহিংসা, মানবতা ও ধর্মনীতির প্রচারের মাধ্যমে বিশ্ব ইতিহাসে অনন্য মর্যাদা অর্জন করেন।
ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা, প্রশাসনিক কাঠামোর বিকাশ, বাণিজ্যের প্রসার, শিল্প-সংস্কৃতির উন্নয়ন এবং বৌদ্ধধর্মের আন্তর্জাতিক বিস্তারে মৌর্য বংশের অবদান অসামান্য। তাই ভারতীয় ইতিহাসে মৌর্য যুগকে “প্রাচীন ভারতের স্বর্ণযুগের অন্যতম ভিত্তি” হিসেবে বিবেচনা করা হয়।
প্রতিষ্ঠা ও নামকরণ
- মৌর্যবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি চাণক্য (কৌটিল্য)-এর পরামর্শ ও সহযোগিতায় নন্দবংশের শেষ শাসক ধননন্দ-কে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- ‘মৌর্য’ নামের উৎপত্তি সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে একাধিক মত প্রচলিত রয়েছে।
- বৌদ্ধগ্রন্থ মহাবংশ (Mahavamsa)-এর মতে, চন্দ্রগুপ্ত মৌর্য হিমালয়ের পাদদেশে অবস্থিত পিপ্পলিবন (Pipphalivana) নামক অঞ্চলের মোরিয় (Moriya) ক্ষত্রিয় গোষ্ঠীর বংশধর ছিলেন। এই ‘মোরিয়’ শব্দ থেকেই ‘মৌর্য’ নামের উৎপত্তি হয়েছে।
- অন্যদিকে, জৈন গ্রন্থসমূহে উল্লেখ রয়েছে যে, চন্দ্রগুপ্তের পূর্বপুরুষেরা এমন এক অঞ্চলে বসবাস করতেন যেখানে ময়ূর (Peacock) প্রচুর ছিল। তাই তাঁদের বংশের নাম ‘মৌর্য’ (ময়ূরের সঙ্গে সম্পর্কিত) বলে পরিচিতি লাভ করে।
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
প্রতিষ্ঠাতা: চন্দ্রগুপ্ত মৌর্য
প্রতিষ্ঠাকাল: ৩২৪/৩২২ খ্রিস্টপূর্ব (বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উভয় সাল ব্যবহৃত হয়)
নামকরণের প্রধান উৎস: মহাবংশ ও জৈন সাহিত্য।
চন্দ্রগুপ্ত মৌর্য (৩২৪–৩০০ খ্রিস্টপূর্ব) [Chandragupta Maurya]
চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। তাঁর রাজনৈতিক উপদেষ্টা ও শিক্ষক ছিলেন চাণক্য (কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত)। খ্রিস্টপূর্ব ৩০৫ সালে তিনি গ্রিক শাসক সেলিউকাস নিকেটর-কে পরাজিত করেন। এই বিজয়ের ফলে সেলিউকাস কাবুল, কান্দাহার, হিরাট, বেলুচিস্তান এবং সিন্ধু নদীর পশ্চিমাঞ্চল চন্দ্রগুপ্তের হাতে তুলে দেন। পরবর্তীকালে সেলিউকাসের কন্যা হেলেনা-র সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ হয়। তিনি উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটিয়ে একটি সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলেন।
শাসন ব্যবস্থা
- চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসন সম্পর্কে প্রধান তথ্য জানা যায় কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ এবং গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’ গ্রন্থ থেকে।
- মৌর্য সাম্রাজ্যের শাসনব্যবস্থা ছিল অত্যন্ত কেন্দ্রীভূত। সম্রাট ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং প্রশাসনের কেন্দ্রবিন্দু। আইন প্রণয়ন, বিচার, রাজ্য পরিচালনা ও সেনাবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব তাঁর হাতেই ন্যস্ত ছিল। প্রশাসনিক কাজে তিনি মন্ত্রীপরিষদের সহযোগিতা গ্রহণ করতেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সঙ্গে পরামর্শ করতেন।
- সাম্রাজ্য পরিচালনার জন্য যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ কর্মচারীদের নিয়োগ করা হতো। প্রশাসনের প্রধান পদগুলির মধ্যে ছিল— মহামন্ত্রী,পুরোহিত, যুবরাজ, সেনাপতি । বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তাদের অধ্যক্ষ বলা হতো। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায়, প্রশাসনে ১৮টি প্রধান বিভাগ ছিল। কর্মচারী নিয়োগে বংশপরিচয়ের পরিবর্তে যোগ্যতা ও দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হতো এবং তাঁদের নির্ধারিত বেতন প্রদান করা হতো।
- মৌর্য যুগে একটি সুসংগঠিত ও কার্যকর রাজস্ব ব্যবস্থা গড়ে উঠেছিল। কৃষকদের উৎপাদিত ফসলের এক-ষষ্ঠাংশ (১/৬) রাজকর হিসেবে আদায় করা হতো। বিশেষ পরিস্থিতিতে করের হার বৃদ্ধি বা হ্রাস করা যেত। সংগৃহীত রাজস্ব সামরিক ব্যয়, প্রশাসনিক কার্যক্রম, কর্মচারীদের বেতন এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হতো। রাজকোষকে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হতো।
- মৌর্য যুগের বিচারব্যবস্থা ছিল কঠোর, সুসংগঠিত এবং শৃঙ্খলাপূর্ণ। অপরাধের ধরন অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা ছিল। বিচার কার্য পরিচালনার জন্য পৃথক বিচারক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ করা হতো।
- শাসনকার্য সহজ ও কার্যকর করার জন্য সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল। প্রতিটি প্রদেশ আবার জেলা (বিষয়) এবং গ্রামে বিভক্ত ছিল। প্রদেশের শাসনভার সাধারণত রাজপরিবারের সদস্যদের হাতে অর্পণ করা হতো। গ্রামের প্রশাসনিক প্রধানকে গ্রামিক বলা হতো। একাধিক গ্রামের তত্ত্বাবধানে গোপ ও উচ্চতর পর্যায়ে অন্যান্য কর্মকর্তারা নিয়োজিত থাকতেন। প্রতিটি প্রশাসনিক বিভাগে নির্দিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করতেন, ফলে প্রশাসন ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও কার্যকর।
- চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাবাহিনী ছিল প্রাচীন ভারতের অন্যতম শক্তিশালী বাহিনী। এতে পদাতিক, অশ্বারোহী, রথবাহিনী এবং গজবাহিনী অন্তর্ভুক্ত ছিল। সেনাবাহিনীর প্রতিটি শাখা পরিচালনার জন্য পৃথক কমিটি ও কর্মকর্তাদের নিয়োগ করা হতো।
- জীবনের শেষ পর্যায়ে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেন। তিনি জৈন আচার্য ভদ্রবাহু-এর সঙ্গে কর্ণাটকের শ্রবণবেলগোলা-য় গমন করেন। সেখানেই জৈন ধর্মের সল্লেখনা প্রথা অনুসরণ করে উপবাসের মাধ্যমে তাঁর জীবনাবসান ঘটে।
বিন্দুসার (আনুমানিক ৩০০–২৭৩ খ্রিস্টপূর্ব)
- চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তাঁর পুত্র বিন্দুসার (৩০০–২৭৩ খ্রি.পূ.) মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। তিনি ‘অমিত্রঘাত’ অর্থাৎ শত্রু-সংহারকারী উপাধিতে পরিচিত ছিলেন। ঐতিহাসিক তারানাথ-এর মতে, তাঁর শাসনকালে মৌর্য সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত পৌঁছায়।
- তিব্বতের ঐতিহাসিক তারানাথ তাঁর রচনায় উল্লেখ করেছেন যে, কৌটিল্য বিন্দুসারের শাসনের প্রথম দিকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পরামর্শে ষোলোটি নগরের বিদ্রোহ দমন করা হয় এবং সাম্রাজ্যকে পূর্ব থেকে পশ্চিম সমুদ্র পর্যন্ত সুসংহত করা সম্ভব হয়।
- বিন্দুসার বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলেন। সিরিয়ার রাজা অ্যান্টিওকাস প্রথম তাঁর রাজসভায় ডেইমেকাস (Deimachus) নামে একজন দূত পাঠান। এছাড়া বিন্দুসার সিরিয়ার রাজাকে মিষ্টি মদ, শুকনো ডুমুর ও একজন দার্শনিক পাঠানোর অনুরোধ করেছিলেন। যদিও দার্শনিক পাঠানোর অনুরোধটি পূরণ করা হয়নি। একইভাবে মিশরের রাজা দ্বিতীয় টলেমি ফিলাডেলফাস-ও ডায়োনিসিয়াস নামে একজন দূতকে তাঁর দরবারে পাঠিয়েছিলেন।
- ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিন্দুসার আজীবিক সম্প্রদায়ের অনুসারী ছিলেন। তাঁর আধ্যাত্মিক উপদেষ্টা ছিলেন পিঙ্গলবৎস নামে এক ব্রাহ্মণ আজীবিক। তাঁর পত্নী সুভদ্রাঙ্গী-ও আজীবিক ধর্মে বিশ্বাসী ছিলেন। তবে তিনি অন্যান্য ধর্মের প্রতিও সহনশীল মনোভাব প্রদর্শন করেছিলেন।
- গ্রিক ঐতিহাসিকরা বিন্দুসারকে ‘অমিত্রোচেটস (Amitrochates)’ নামে উল্লেখ করেছেন, যা তাঁর ‘অমিত্রঘাত’ উপাধিরই গ্রিক রূপ।
অশোক (Ashoka) (আনুমানিক ২৭৩–২৩২ খ্রিস্টপূর্ব)
সিংহাসনে আরোহণ
- পিতা বিন্দুসার-এর মৃত্যুর পর অশোক মৌর্য সিংহাসনে আরোহণ করেন। বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী, তিনি সিংহাসন লাভের জন্য তাঁর কয়েকজন ভাইকে হত্যা করেছিলেন, যদিও এই তথ্যের ঐতিহাসিক সত্যতা নিয়ে মতভেদ রয়েছে।
- তাঁকে ‘চণ্ডাশোক’ ও ‘ধর্মাশোক’—উভয় নামেই উল্লেখ করা হয়। দিব্যাবদান ও সিংহলী উপাখ্যান-এ তাঁর জীবনের বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়।
অশোকের উপাধি ও নাম
- দেবানংপিয় (দেবতাদের প্রিয়) — মাস্কি ও গুজরার শিলালিপিতে উল্লেখিত।
- প্রিয়দর্শী — অর্থাৎ ‘সবার প্রিয়’; কালসী ও বারাবর শিলালিপিতে এই নাম ব্যবহৃত হয়েছে।
- দেবানংপিয় প্রিয়দর্শী — অশোকের সর্বাধিক পরিচিত উপাধি।
- মগধের রাজা — ভাবরু শিলালিপিতে উল্লেখ রয়েছে।
- অশোকবর্ধন — পুরাণে এই নামে পরিচিত।
- অশোক — তক্ষশীলা শিলালিপিতে এই নামের উল্লেখ পাওয়া যায়।
প্রারম্ভিক জীবন
- অশোক প্রথমে উজ্জয়িনীর শাসনকর্তা এবং পরে তক্ষশিলার প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
- তক্ষশিলার বিদ্রোহ সফলভাবে দমন করে তিনি নিজের প্রশাসনিক দক্ষতার পরিচয় দেন।
কলিঙ্গ যুদ্ধ (২৬১ খ্রিস্টপূর্ব)
- সিংহাসনে আরোহণের প্রায় আট বছর পরে (২৬১ খ্রিস্টপূর্ব) অশোক কলিঙ্গ আক্রমণ করেন।
- যুদ্ধটি ছিল অত্যন্ত ভয়াবহ; বহু মানুষ নিহত, আহত ও বন্দি হন।
- এই রক্তক্ষয়ী যুদ্ধ অশোকের জীবনে গভীর পরিবর্তন আনে। তিনি যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন এবং বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হন।
ধর্মনীতি
- কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করে অহিংসা, দয়া, সহনশীলতা ও নৈতিক জীবনযাপনের আদর্শ প্রচার করেন।
- তিনি তাঁর পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা-কে বৌদ্ধধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় পাঠান।
- তৃতীয় বৌদ্ধ মহাসংগীতির মাধ্যমে বৌদ্ধধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সাম্রাজ্যের বিস্তার
- অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্য ছিল ভারতের ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য।
- তাঁর সাম্রাজ্যের বিস্তার ছিল হিন্দুকুশ পর্বত থেকে দক্ষিণ ভারতের অংশবিশেষ পর্যন্ত এবং বঙ্গোপসাগর থেকে আরব সাগর পর্যন্ত।
জনকল্যাণমূলক কাজ
- অশোক নিজেকে প্রজাদের অভিভাবক মনে করতেন।
- তিনি সড়ক নির্মাণ, বৃক্ষরোপণ, কূপ খনন, বিশ্রামাগার নির্মাণ, মানুষ ও পশুর চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ বহু জনহিতকর কাজ করেন।
অশোকের শিলালিপি
- ১৮৩৭ সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন।
- শিলালিপিগুলি প্রধানত প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে রচিত। উত্তর-পশ্চিম ভারতে খরোষ্ঠী, আফগানিস্তানে গ্রিক ও আরামাইক ভাষার ব্যবহারও দেখা যায়।
- অশোকের ১৪টি প্রধান শিলালিপি ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস।
প্রধান শিলালিপির বিষয়বস্তু
- প্রাণী হত্যা ও অপ্রয়োজনীয় উৎসব পরিহারের নির্দেশ।
- মানুষ ও পশুর চিকিৎসার ব্যবস্থা।
- ব্রাহ্মণ ও শ্রমণদের প্রতি শ্রদ্ধা।
- নৈতিক জীবন ও সদাচরণের গুরুত্ব।
- ধর্মমহামাত্রদের কর্তব্য ও দায়িত্ব।
- রাজকার্যে সততা ও শৃঙ্খলার প্রয়োজনীয়তা।
- সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা।
- ধর্মযাত্রার মাহাত্ম্য।
- অর্থহীন আচার-অনুষ্ঠানের বিরোধিতা।
- যুদ্ধের পরিবর্তে ধর্মের মাধ্যমে জয়ের আদর্শ।
- ধর্মনীতির ব্যাখ্যা।
- বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের আহ্বান।
- কলিঙ্গ যুদ্ধের বিবরণ এবং ধর্মবিজয়ের আদর্শ।
- ধর্মময় জীবনযাপনের উপদেশ।
মূল্যায়ন (সংক্ষেপে)
সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। কলিঙ্গ যুদ্ধের পর তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে মানবতা, অহিংসা ও ধর্মনীতির আদর্শে শাসন পরিচালনা করেন। তাঁর শিলালিপি, জনকল্যাণমূলক কর্মসূচি এবং বৌদ্ধধর্ম প্রচারের উদ্যোগ তাঁকে ভারত তথা বিশ্ব ইতিহাসে এক অনন্য সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অশোকের পরবর্তী মৌর্য শাসকগণ
- বায়ুপুরাণের বর্ণনা অনুযায়ী, সম্রাট অশোকের মৃত্যুর পর তাঁর পৌত্র কুণাল মৌর্য সিংহাসনে আরোহণ করেন। তিনি সুয়শ নামেও পরিচিত ছিলেন।
- কুণালের মৃত্যুর পর তাঁর পুত্র দশরথ মৌর্য সম্রাট হন। তিনি সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে পূর্বসূরিদের প্রশাসনিক ধারা বজায় রাখার চেষ্টা করেন।
- দশরথের পর সম্প্রতি সিংহাসনে আরোহণ করেন। তিনি কুণালের পুত্র এবং জৈন ধর্মের একজন গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ছিলেন।
- সম্প্রতির পর শালিশুক মৌর্য সাম্রাজ্যের শাসক হন।
- শালিশুকের মৃত্যুর পর পর্যায়ক্রমে দেববর্মণ, শতধন্ব এবং বৃহদ্রথ মৌর্য সিংহাসনে আরোহণ করেন।
- বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট।
- খ্রিস্টপূর্ব ১৮৫ সালে, সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে এবং শুঙ্গ শাসনের সূচনা হয়।
সংক্ষেপে ধারাবাহিকতা
অশোক → কুণাল → দশরথ → সম্প্রতি → শালিশুক → দেববর্মণ → শতধন্ব → বৃহদ্রথ → পুষ্যমিত্র শুঙ্গের হাতে মৌর্য সাম্রাজ্যের অবসান।
1. প্রশ্ন – মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর – মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি খ্রিস্টপূর্ব আনুমানিক ৩২২ অব্দে চাণক্য (কৌটিল্য)-এর সহায়তায় নন্দ বংশকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
2.প্রশ্ন -মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল ?
উত্তর – মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র (বর্তমান বিহারের পাটনা), যা তৎকালীন ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল।
3.প্রশ্ন -মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর – সম্রাট অশোক মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত। তিনি কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধধর্ম গ্রহণ করেন এবং অহিংসা ও ধর্মনীতির প্রচার করেন।
4.প্রশ্ন – মৌর্য বংশ কত বছর শাসন করেছিল ?
উত্তর – মৌর্য বংশ আনুমানিক খ্রিস্টপূর্ব ৩২২ থেকে ১৮৫ অব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় ১৩৭ বছর ভারতীয় উপমহাদেশের বৃহৎ অংশ শাসন করে।
5.প্রশ্ন – মৌর্য বংশের পতনের কারণ কী ছিল ?
উত্তর – দুর্বল উত্তরসূরি, বিশাল সাম্রাজ্য পরিচালনার জটিলতা, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ-এর হাতে শেষ সম্রাট বৃহদ্রথ-এর হত্যার মাধ্যমে মৌর্য বংশের পতন ঘটে।







