সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি হল হরপ্পা। হরপ্পা সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা গুলির মধ্যে অন্যতম। সিন্ধুনদীর অববাহিকায় গড়ে উঠেছিল বলে এর নাম হয় সিন্ধু সভ্যতা।
1920 খ্রিস্টাব্দে বিশিষ্ট ঐতিহাসিক দয়ারাম সাহানী হরপ্পা কেন্দ্র টি আবিস্কার করেন। আধুনিক মতবাদ অনুসারে হরপ্পা সভ্যতা, উত্তরের হিমালয় পর্বত মালা থেকে পশ্চিমে ইরান ও পাকিস্তান, দক্ষিণের উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল।
সূচনাকাল
রমেশচন্দ্র মজুমদার, হেমচন্দ্র রায়চৌধুরী ও কালিকিঙ্কর দত্ত রচিত ‘An Advance History of India’-তে হরপ্পা সভ্যতার বিকাশকাল হিসেবে মোটামুটি 3,500 খ্রিস্টপূর্বাব্দকে উল্লেখ করা হয়েছে।
স্যার মার্টিমার হুইলার হরপ্পা সভ্যতার সূচনাকাল হিসেবে খ্রিস্টপূর্ব 2,500 অব্দকে চিহ্নিত করেছেন।
ঐতিহাসিক ড. সি. জে. গ্যাড, ড. ফ্যারি প্রমুখ হরপ্পা সভ্যতার বিকাশকাল হিসেবে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2,800 খ্রিস্টপূর্বাব্দকে চিহ্নিত করেছেন।
সবদিক বিচার করে 3,000 খ্রিস্টপূর্বাব্দকেই হরপ্পা সভ্যতার সূচনাকাল বলে মেনে নেওয়া হয়েছে।
অবলুপ্তির কাল
ঐতিহাসিকবিদ ড. মার্টিমার হুইলার মনে করেন যে বহিরাগত আর্য জাতির আক্রমণ হরপ্পা সভ্যতার পতনের কারণ ছিল। তার মতে আর্যদের ভারতে আগমন কাল 1500 খ্রিস্টপূর্বাব্দে। সেই অনুসারে তিনি হরপ্পা সভ্যতার অবলুপ্তির কাল হিসেবে 1500 খ্রিস্টপূর্বাব্দ কে চিহ্নিত করেছে। অধিকাংশ পন্ডিত এই অভিমত গ্রহণ করেছে।
হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য [Characteristics of Harappan Civilization]
হরপ্পা সভ্যতা প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি অত্যন্ত উন্নত ও পরিকল্পিত নগর সভ্যতা ছিল। এই সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলি নিম্নরূপঃ-
1.প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা
- হরপ্পা সভ্যতার সভ্যতা ছিল প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। কারণ হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত মৃৎপাত্র, সিলমোহর প্রভৃতির গায়ে লিপি খোদাই করা থাকলেও সেই লিপির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি।
- লিখিত উপাদান সমূহের পাঠোদ্ধার করতে না পারার কারণে এই সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত বিভিন্ন হাতিয়ার, মৃৎপাত্র, মূর্তি, রাস্তাঘাট, ঘরবাড়ি প্রভৃতির ওপর নির্ভর করে ঐতিহাসিকদের ইতিহাস রচনা করতে হয়।
2.তাম্র-প্রস্তর যুগের সভ্যতা
- হরপ্পা সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানত না।
- তারা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, হাতিয়ার, কৃষি উপকরণ ইত্যাদি তৈরীর জন্য পাথর ও তামা ব্যবহার করত।
- এই কারণে হরপ্পা সভ্যতাকে তাম্র প্রস্তর যুগের সভ্যতা বলা হয়।
- পরবর্তীকালে হরপ্পা সভ্যতার অধিবাসীরা তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জের ব্যবহার শিখেছিল।
3.নদীমাতৃক সভ্যতা
- পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলির মত হরপ্পা সভ্যতাও ছিল নদীমাতৃক সভ্যতা।
- প্রধানত সিন্ধু নদ এবং তার বিভিন্ন উপনদী ও শাখা নদীর তীরবর্তী অঞ্চলে এই সভ্যতার প্রসার ঘটেছিল। যেমন-সিন্ধু নদের তীরে মহেঞ্জোদারো, ইরাবতী বা রাভী নদীর তীরে হরপ্পা, ঘর্ঘরা নদীর তীরে কালিবঙ্গান, নদীর তীরে রুপার, ভোগাবর নদীর তীরে লোথাল ইত্যাদি হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি বিকাশ লাভ করেছিল।এজন্য হরপ্পা সভ্যতাকে ‘নদীমাতৃক সভ্যতা’ বলা হয়।
4.নগর পরিকল্পনা
- হরপ্পা সভ্যতার সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর নগর পরিকল্পনা। এই সভ্যতার প্রধান দুটি নগরী-হরপ্পা ও মহেঞ্জোদারোয় এই নগর পরিকল্পনার সুস্পষ্ট নিদর্শন পাওয়া গেছে।
- হরপ্পা সভ্যতা ছিল একটি সুপ্রাচীন নগরকেন্দ্রিক সভ্যতা। নাগরিকদের রুচিবোধ, কর্মপ্রচেষ্টা ও দক্ষতার দ্বারা এই সভ্যতা এক উন্নত নগর সভ্যতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল।
- ঐতিহাসিক ড. এ. এল. বাসাম মনে করেন যে, এই নাগরিক সভ্যতার জন্ম দিয়েছিল মধ্যবিত্ত বণিক সম্প্রদায়। হরপ্পা ও মহেন-জো- দারো – দুটি স্থানেই উন্নত নগর সভ্যতার নিদর্শন মিলেছে।
- এখানে সুবিন্যস্ত রাস্তাঘাট, রাস্তার পাশে ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী, পরিকল্পিত ঘরবাড়ি, স্নানাগার, শস্যাগার প্রভৃতি বিভিন্ন নাগরিক সুযোগসুবিধা গুলির অস্তিত্ব ছিল। স্বাস্থ্য-সচেতনতা, আধুনিক রুচিবোধ, নগরের সুরক্ষা, পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়গুলি এই নগর সভ্যতায় যথেষ্ট গুরুত্ব পেত।
5.সামাজিক অবস্থা
- এই সভ্যতায় সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক।
- মাতৃতান্ত্রিক হলেও এই সভ্যতায় সমাজে শ্রেণিবৈষম্য ছিল। সমাজে সম্ভবত তিন শ্রেণীর মানুষ বসবাস করত-প্রথম শ্রেণীতে ছিলেন পুরোহিতরা বা উচ্চবিত্ত, দ্বিতীয় শ্রেণীতে ছিলেন ধনী, বণিক, বুর্জোয়া, কারিগর ও যোদ্ধারা বা মধ্যবিত্ত এবং তৃতীয় শ্রেণীতে ছিলেন দরিদ্র কৃষক ও শ্রমিকেরা।
- এই সভ্যতার নগরগুলির পশ্চিম দিকের প্রাচীর ঘেরা উঁচু দুর্গ অঞ্চলে উচ্চবিত্ত শাসক শ্রেণীর লোকজন বা পুরোহিতরা বসবাস করতেন। আর পূর্বদিকের নিচু অঞ্চলে বসবাস করতেন সাধারণ নাগরিকগণ।
6.রাজনৈতিক ব্যবস্থা
- ঐতিহাসিক এইচ.ভি.শাঙ্খালিয়ার মতে, হরপ্পা সভ্যতায় উদার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল।
- ঐতিহাসিক মার্টিমার হুইলার হরপ্পা সভ্যতায় পুরোহিত রাজার শাসন প্রতিষ্ঠিত ছিল বলে অভিমত প্রকাশ করেছেন। পুরোহিত রাজা দৈব অধিকার ঘোষণা করে তাঁর স্বৈরাচারী শাসন চালু রেখেছিলেন।
- খননকার্যের ফলে মহেঞ্জোদারোয় প্রাপ্ত মাথায় ফেট্টি বাঁধা ও মুখমন্ডল দাড়িতে আবৃত একটি পুরুষ মূর্তিকে পুরোহিত রাজার প্রতীক বলে উপস্থাপন করা হয়।
- অনেক ঐতিহাসিক মনে করেন হরপ্পা সভ্যতার নগরগুলিতে গিল্ড বা বণিক সংঘ দ্বারা পরিচালিত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল।
7.অর্থনৈতিক অবস্থা
- হরপ্পা সভ্যতার অধিবাসীরা কৃষি, পশুপালন, ব্যবসা বাণিজ্য, শিল্প ইত্যাদি বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল।
- এই সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। গম, যব, তুলো, তিল ইত্যাদি ছিল তাদের প্রধান কৃষিজ ফসল। এছাড়া লোথাল ও রংপুরে ধান চাষেরও প্রমাণ পাওয়া গেছে।
- এই সভ্যতার লোকেরা হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি পশুপাখি পালন করত। তবে তারা ঘোড়াকে পোষ মানাতে পারেনি। কৃষি ও পশুপালন ছাড়াও হরপ্পা সভ্যতার অধিবাসীরা ব্যবসা-বাণিজ্যকেও জীবিকা হিসাবে বেছে নিয়েছিল।এই ব্যবসা-বাণিজ্যে নিযুক্ত বণিকদের পণি বলা হত।
- শুধুমাত্র অভ্যন্তরীণ বাণিজ্যই নয়, মেসোপটেমিয়া, মিশর, বালুচিস্তান, আফগানিস্তান, পারস্য ইত্যাদি দেশের সঙ্গে তারা আন্তর্জাতিক বাণিজ্যও চালাত।
- ব্যবসা বাণিজ্য চালানোর জন্য এখানকার বণিকরা সিলমোহর ব্যবহার করত। ব্যবসা-বাণিজ্যের মাধ্যম ছিল বিনিময় প্রথা।
8.সভ্যতার আধুনিকতা
- আজ থেকে অন্তত পাঁচ হাজার বছরের পুরানো হলেও হরপ্পা সভ্যতায় অনেক আধুনিক বৈশিষ্ট্যের অস্তিত্ব ছিল।ঐতিহাসিকগণ অনুমান করেন যে, সম্ভবত হরপ্পা সভ্যতার প্রধান নগরগুলিতে রাতে গ্যাসের আলো জ্বলত।
- এই সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র চানহুদারোতে খনন কার্য চালিয়ে প্রাপ্ত তথ্য থেকে ঐতিহাসিকরা অনুমান করেন যে এই সভ্যতার মহিলারা আধুনিক যুগের মহিলাদের মত লিপস্টিক, নেলপালিশ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি ব্যবহার করত।
- এই সভ্যতায় প্রাপ্ত অর্ধনগ্ন নারী মূর্তিগুলির শৈল্পিক দেহভঙ্গিমা থেকে অনুমান করা হয় যে সেখানে নৃত্য-গীতেরও প্রচলন ছিল।
- এ ছাড়া- পয়ঃপ্রণালী, ডাস্টবিন, শৌচাগার, ম্যানহোল ইত্যাদির অস্তিত্ব স্বাস্থ্য সচেতনতার বিষয়ে এই সভ্যতার মানুষদের আধুনিক মানসিকতার পরিচয় দেয়। শুধু তাই নয়, খননকার্যের ফলে প্রাপ্ত থালা, বাটি, খেলনা, আয়না, চিরুনি, খাট, চেয়ার, মাদুর ইত্যাদিও এই সভ্যতার আধুনিকতার সাক্ষ্য বহন করে।
উপসংহার
পরিশেষে বলা যায়, যে – হরপ্পা সভ্যতা প্রাচীন ভারত তথা বিশ্ব ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। এখানকার উন্নত রাস্তাঘাট, ঘরবাড়ি, পয়ঃপ্রণালী, স্নানাগার, শস্যাগার, বিভিন্ন আধুনিক সামগ্রীর ব্যবহার, উন্নত স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি এই সভ্যতাকে শুধু প্রাচীন ভারতে নয়, সমগ্র বিশ্ব ইতিহাসে এক বিশিষ্টতা দান করেছে।
তথ্যসূত্র [Sources]
- Boyd,Brian.(2017)”Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism. Annual Review of Anthropology 46.1,299—316.Print.
- Allaby. R.G.(2016) “Evolution.”Encyclopedia Biology”.Ed. Kliman, Richard M. Oxford Academic Press,19—23.
- Online Source
প্রশ্ন – হরপ্পা সভ্যতায় অধিবাসীরা সরাসরি কোন ধাতুর ব্যবহার জানত না ?
উত্তর – লোহা (লোহা মিশ্রিত সঙ্করধাতুর ব্যবহারের প্রমান পাওয়া গেছে)
প্রশ্ন – হরপ্পা কথার অর্থ কি ?
উত্তর – পশুপতির খাদ্য
প্রশ্ন – হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর – রাভি।
প্রশ্ন – সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না ?
উত্তর – ঘোড়া







