ভারতবর্ষ তার প্রাচীন ইতিহাসে বহিরাগত বিভিন্ন জাতি ও সাম্রাজ্যের আগমন প্রত্যক্ষ করেছে, যার মধ্যে মুসলিম শাসকদের আগমন ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মুসলিম আক্রমণ কেবল সামরিক বিজয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ভারতীয় সমাজ, সংস্কৃতি, ধর্ম, ভাষা ও রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছিল। ইতিহাসবিদদের মতে, ভারতে মুসলিম আগমন ও শাসন মূলত দুটি পৃথক ধারায় সংঘটিত হয় — আরব মুসলিমদের আক্রমণ (আরবদের সিন্ধু বিজয়) এবং তুর্কি মুসলিমদের আক্রমণ (ভারতে তুর্কি আক্রমণ) ।
ভারতে তুর্কি আক্রমণ।(Turkish invasion of India.)
ভারতের অফুরন্ত ধন-সম্পদ ও ঐশ্চর্যের লোভে যুগে যুগে বিদেশীদের আক্রমণ ঘটেছে। অথচ ভারতীয় রাজণ্য বর্গের আকস্মিক প্রতিরোধ করার স্থায়ী মানসিকতা কখনোই সম্ভব হয়নি। বিদেশীরা এসেছে অবাধে লুট ও ধ্বংস করেছে, কেউ আবার থেকেই গিয়ে ভারতের আদিম জনসংস্কৃতির সঙ্গে মিশে গেছে। কাজেই, আরবদের আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা ও তুর্কিদের আক্রমণের সময়ও ভারতের সেই অবস্থার কোন পরিবর্তন দেখা যায়নি। আরবরা সিন্ধুদেশ জয়ের (৭১২ খ্রিঃ) পর প্রায় তিনশো বছর বিদেশি আক্রমণ বা মুসলিম শক্তি ক্ষমতা বিস্তারে সক্ষম হয়নি। আফগানিস্তানের গজনী রাজ্যের তুরকিরাই ভারতে মুসলিম রাজত্ব শুরু করেন।
তুর্কি আক্রমণের প্রাক্কালে ভারত [India on the eve of the Turkish invasion]
কৃষি প্রধান ভারতে কৃষি কার্য ও সমৃদ্ধশালী বাণিজ্যের ফলে অর্থনৈতিক দিক থেকে ভারত সমৃদ্ধশালী দেশ ছিল। সমাজে ধন বন্টনের ব্যবস্থা না থাকায় সাধারণ পল্লীবাসী কৃষক ও কারিগরেরা ছিল অতি দরিদ্র ও চরম অবহেলিত। সামাজিক ন্যায় বিচারের অভাবে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। যুগ যুগ ধরে পূর্ণার্থীদের দানে মঠ মন্দির ও ধর্ম প্রতিষ্ঠানগুলি স্ফীত হয়ে উঠেছিল। এই কারণে সুলতান মাহমুদের আক্রমণের লক্ষ্য ছিল মূলত, মঠ ও মন্দিরগুলি।
- তুর্কি শাসনের প্রাক্কালে ভারতীয় সমাজ ও ধর্ম সর্বনাশের শেষ সীমায় এসে পৌঁছেছিল। আরবের সিন্ধু বিজয়ের পর তিনশো বছর ভারতে বিদেশি আক্রমণ থেকে মুক্ত ছিল, ঠিকই কিন্তু এর ফলে আগামী দিনে বিদেশি আক্রমণের সম্ভাবনার কথা তাদের মনে আসেনি, ভারতীয় রাজন্যবর্গ সীমান্তের নিরাপত্তা ও আধুনিক সামরিক সংগঠন সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিলেন। ভারতীয় সমাজের নৈতিক মেরুদন্ড ভেঙ্গে পড়েছিল। প্রচন্ড গোঁড়ামি কুসংস্কারের আচ্ছন্ন হিন্দু সমাজ, কাপালিক ও তান্ত্রিক বিদ্যায় বশীভূত হয়ে পড়েছিল। ধর্মের নামে ভন্ডামি, ব্যভিচার চলায় নৈতিকতার অধঃপতন ঘটে।
- খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর প্রারম্ভে ভারতের ভূখণ্ডে কোন বিদেশী উপনিবেশ অথবা কোন বিদেশি শক্তির প্রভাবিত কোন অঞ্চল ছিল না। পশ্চিম ভারতীয় উপকূলে কিছু সংখ্যাক আরব বণিকরা তাদের ব্যবসা-বাণিজ্যে লিপ্ত ছিল। অপরদিকে খ্রিস্টীয় দশম শতাব্দীতে ভারতের ভূখণ্ডে দুটি বিদেশি রাজ্য ছিল যথা– মুলতান ও সিন্ধু। এছাড়া এই অঞ্চলের কিছু স্থানীয় অধিবাসী ইসলাম ধর্মে দীক্ষিত হয়। মালাবার অঞ্চলে কত গুলি আরব উপনিবেশ গড়ে ওঠে, এবং স্থানীয় হিন্দু নৃপতিরা বাণিজ্যিক শুল্কের লোভে আরব বণিকদের পৃষ্ঠপোষকতা করেছিলেন।
- খ্রিস্টীয় ৮৭১ খ্রিস্টাব্দে মুলতান ও সিন্ধুদেশের মুসলমান রাজ্য দুটি খলিফার শাসন থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়। মুলতান ছিল কার্মাথিয় মতাবলম্বীদের শাসনাধীন। সিন্ধু দেশ ছিল আরবদের শাসনাধীন।
- চেনাব নদী থেকে কাবুল সহ হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তীর্ণ ভূখণ্ডের হিন্দুশাহী নৃপতিরা ক্ষমতাসীন ছিলেন। দশম শতকের শেষ দিকে এই বংশের রাজা ছিলেন জয়পাল তিন ছিলেন সাহসী যোদ্ধা ও সুশাসক। তাকে সর্বপ্রথম গজনী থেকে আগত তুর্কিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হয়।
- পরবর্তী গুরুত্বপূর্ণ রাজ্য ছিল কাশ্মীর এ রাজ্যের শাসক ছিলেন খ্যাতনামা রাজা শঙ্কর বর্মন। তার মৃত্যুর পর অন্তবিপ্লবের ফলে কাশ্মীর রাজ্যে ঘোর অরাজকতা নেমে আসে। সেই সময় রাজা ছিলেন ক্ষেম গুপ্ত।কিন্তু রাজ্যের প্রকৃত শাসক ছিলেন তার রানী ‘দিদা’ (Dida)। শেষ পর্যন্ত দিদা, ষড়যন্ত্রের মাধ্যমে সিংহাসন দখল করে ১০০৩ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। সুলতান মাহমুদের ভারত অভিযানের সময় গুরুত্বপূর্ণ রাজ্য ছিল এই নারীর শাসনাধীন।
- আনুমানিক ৮৩৬ খ্রিস্টাব্দে কনৌজে প্রতিহার বংশের প্রতিষ্ঠা হয়। এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন বৎস রাজ। তার উত্তরাধিকারী দ্বিতীয় নাগভট্ট ছিলেন পরাক্রমশালী। এই বংশের শেষ রাজা রাজ্যপাল সুলতান মাহমুদের কাছে পরাজিত হলে, এই বংশের অবসান ঘটে।
- বাংলার পাল বংশের রাজা দেবপালের মৃত্যু পর ৮৭৮ খ্রিস্টাব্দে পাল সাম্রাজ্যের পতন শুরু হয়। ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে গজনীন সুলতান মাহমুদের অভিযানে সময় দক্ষিণাত্যে চোল রাজা রাজেন্দ্র চোল বাংলা আক্রমণের উদ্যোগ করেন। চোলদের সঙ্গে সংগ্রামে বাংলার ক্ষতি হলেও দূরত্বের জন্য তুর্কিদের আক্রমণ থেকে বাংলা মুক্ত ছিল।
- প্রকৃতপক্ষে গ্রামাঞ্চলের সামন্তরাই ছিলেন প্রকৃত শাসক। অধিকাংশ হিন্দু রাজ্যের রাজা ও সামন্তদের মধ্যে সুসম্পর্ক না থাকার ফলে, তুর্কিদের আক্রমণ সাফল্যের সঙ্গে প্রতিহত করা সম্ভব হয়নি।
ভারতে তুর্কি আক্রমনে পূর্বে গজনভী বংশের উত্থানঃ-
গজনভী রাজবংশ প্রতিষ্ঠিত হয় ৯৬৩ খ্রিস্টাব্দে আলপ্তগিন নামক তুর্কি দাস সৈনিকের মাধ্যমে। তবে গজনীর প্রকৃত ক্ষমতা ও খ্যাতি বৃদ্ধি পায় তার উত্তরসূরি সুবুক্তগিন ও বিশেষ করে তার পুত্র সুলতান মামুদ গজনভীর (৯৭১–১০৩০ খ্রিঃ) শাসনামলে।
আলপ্তগিন (Alptigin)
আলপ্তগিন (Alptigin) ছিলেন গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ১০ম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ তুর্কি সেনাপতি। তিনি গজনী রাজবংশের ভিত্তি স্থাপন করেন যা পরবর্তীতে সুলতান মামুদ গজনভীর মাধ্যমে ভারতের উপর আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
- আলপতিগিন (Alptigin) ছিলেন তুর্কি, মূলত সোগদিয়ান/তুর্কিক বংশোদ্ভূত সামানীয় সাম্রাজ্যের একজন উচ্চপদস্থ গুলাম (দাস-সেনাপতি) আলপতিগিন প্রথমে ছিলেন বুখারা ভিত্তিক সামানীয় সাম্রাজ্যের একজন সামরিক নেতা। সেখানে তিনি প্রধান সেনাপতির মর্যাদায় উন্নীত হন। পরে রাজনৈতিক দ্বন্দ্ব ও ক্ষমতার সংঘর্ষে পরাজিত হয়ে সামানীয় দরবার থেকে বিচ্যুত হন।
- আনুমানিক ৯৬২ খ্রিঃ, সামানীয় সাম্রাজ্য থেকে বেরিয়ে এসে তিনি আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর গজনী দখল করেন। তিনি গজনীকে একটি স্বাধীন তুর্কি শাসিত কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। যদিও আনুষ্ঠানিকভাবে সামানীয়দের অধীন ছিলেন, বাস্তবে গজনী ছিল তার নিজস্ব সাম্রাজ্য। তিনি গজনীতে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন ও প্রশাসনিক কাঠামো মজবুত করেন।
- তার মৃত্যুর পর সেনাপতি সবুক্তগিন (Sabuktigin), যিনি তার জামাতা ও অন্যতম ঘনিষ্ঠ ছিলেন, গজনীর শাসনভার গ্রহণ করেন।

সবুক্তগিন (Sabuktigin)
সবুক্তগিন (Sabuktigin) ছিলেন গজনী রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতাদের একজন এবং মধ্যযুগীয় ইসলামি ও ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি গজনভীর সুলতান মামুদের পিতা ছিলেন এবং ভারত আক্রমণের প্রথমদিককার রণকৌশল ও ভিত্তি তিনিই স্থাপন করেন। প্রথম সংঘর্ষ ঘটে প্রায় ৯৮৬ খ্রিস্টাব্দে, পেশোয়ার অঞ্চলে।
- আবু মনসুর সাবুক্তগিন, আনুমানিক তার জন্ম ৯৪২ খ্রিষ্টাব্দে (তুর্কিস্তান অঞ্চলে) তুর্কি (তুর্কিক গুলাম/দাস বংশোদ্ভূত)।
- তরুণ বয়সে তাঁকে দাস হিসেবে বিক্রি করা হয়। পরে গজনীর প্রভাবশালী শাসক আলপতিগিন তাকে কিনে নেন এবং সেনাবাহিনীতে উন্নীত করেন।তার দক্ষতা, বুদ্ধিমত্তা ও আনুগত্যের জন্য তিনি দ্রুত সামরিক পদে উন্নীত হন।
- আলপতিগিনের মৃত্যুর পর সামানীয় শাসকদের নামমাত্র অধীনে গজনীর নিয়ন্ত্রণ গ্রহণ করেন (প্রায় ৯৭৭ খ্রিঃ)। গজনীতে তার শাসনকাল ছিল রাজনৈতিক স্থিতিশীলতার সময়, যেখানে তিনি সেনাবাহিনী ও প্রশাসন সুসংগঠিত করেন। তিনিই প্রথম গজনীকে স্বশাসিত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেন।
হিন্দু রাজা জয়পালের সঙ্গে সংঘর্ষ
সবুক্তগিনের শাসনামলে গজনী রাজ্য ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে, আর তার দৃষ্টি পড়ে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলের দিকে। এই অঞ্চল ছিল হিন্দুশাহি রাজবংশের অধীনে, যার শাসক ছিলেন রাজা জয়পাল। দুজনের মধ্যে সংঘর্ষ এক ঐতিহাসিক অধ্যায় হয়ে ওঠে যা ভারতীয় উপমহাদেশে তুর্কি আগ্রাসনের সূচনা চিহ্নিত করে।
দ্বন্দ্বের সূত্রপাত
- জয়পাল ছিলেন কাবুল, পেশোয়ার ও গন্ধার অঞ্চলের শক্তিশালী হিন্দু শাসক। সাবুক্তগিন সীমান্তবর্তী অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করলে জয়পাল তা মেনে নিতে পারেননি। উভয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং ধীরে ধীরে তা যুদ্ধে রূপ নেয়।
- প্রথম সংঘর্ষ ঘটে প্রায় ৯৮৬ খ্রিস্টাব্দে, পেশোয়ার অঞ্চলে। রাজা জয়পাল বিশাল সেনাবাহিনী নিয়ে সবুক্তগিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। প্রথমদিকে জয়পাল কিছু সাফল্য পেলেও সবুক্তগিন ছিলেন কৌশলী এবং দৃঢ় নেতৃত্বসম্পন্ন। সবুক্তগিন তাঁর অভিজ্ঞ তুর্কি সেনাদের নিয়ে পর্বতময় অঞ্চল ব্যবহার করে হিন্দুশাহি সেনাদের ঘেরাও করে ফেলেন। ফলে জয়পালের সেনাবাহিনী পরাজিত হয়।
সন্ধি ও প্রতারণা
- পরাজয়ের পর জয়পাল শান্তিচুক্তি করতে বাধ্য হন। সন্ধি অনুযায়ী:- জয়পালকে কিছু ভূখণ্ড ও অর্থ সবুক্তগিনকে দিতে হয়। উভয়পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
- কিন্তু সন্ধির শর্ত পূরণে জয়পাল দ্বিধাগ্রস্ত হলে সবুক্তগিন আবার আক্রমণ করেন এবং লাহোর পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এবং যুদ্ধে তিনি জয় লাভ করেন।
- হিন্দুশাহি সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ পায়। জয়পাল যুদ্ধ ও অপমান সহ্য করতে না পেরে সিংহাসন ত্যাগ করেন এবং আত্মহত্যা করেন।
- গজনভীদের ভারতীয় ভূখণ্ডে প্রভাব বিস্তারের পথ সুগম হয়। এই সংঘর্ষের ধারাবাহিকতায় পরবর্তীতে গজনীর সুলতান মামুদ ভারত আক্রমণের ধারাবাহিক শুরু করেন।
গজনীর সুলতান মামুদের আক্রমণ (১০০০–১০৩০ খ্রিঃ)
সুলতান মামুদ ছিলেন গজনভী সাম্রাজ্যের এক বিখ্যাত ও উচ্চাভিলাষী তুর্কি শাসক, যিনি ১০০০ থেকে ১০৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৭ বার ভারত আক্রমণ করেন। তাঁর এই আক্রমণগুলো মূলত ধনসম্পদ লুট, ইসলামের প্রচার এবং সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত হয়।
- সুলতান মামুদের পুরো নাম- ইয়ামিন আদ-দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সবুক্তগিন। তার জন্ম আনুমানিক ৯৭১ খ্রিঃ।
- সবুক্তগীনের মৃত্যুর পর তার বড় ছেলে মামুদ গজনীর সিংহাসনে বসেন ৷ মামুদ বাগদাদের খালিফার কাছ থেকে স্বাধীনতার স্বীকৃতি পেয়ে ‘সুলতান’ উপাধি গ্রহন করেন।
- মুসলিম ঐতিহাসিকের মতে – মামুদ প্রতি বছর ভারতে অভিযান চালাবে বলে শপথ নিয়েছিল।
- ভারতের বিভিন্ন রাজাদের রাজকোষে, মন্দিরে, মঠে, যুগ যুগ ধরে যে ধনরত্ন জমা হয়েছিল,তা লুণ্ঠন করে তার সাহায্যে গজনী নগরীকে সুসজ্জিত করা এবং এক বিরাট সেনাদল গড়ে তার সাহায্যে এশিয়া ও ইরাক জয় করা ছিল তার লক্ষ্য। ভারতে স্থায়ীভাবে বসবাস করার কোন ইচ্ছা তার ছিল না।
- ভারতের বাইরেও সুলতান মামুদ “বাৎ-সিকান” বা মূর্তিভঙ্গকারীরূপে খ্যাতিলাভ করেছিল।
- সুলতান মামুদ মােট ১৭ বার ভারত আক্রমন করেন। তবে তার সব ভারত অভিযান গুরুত্বপূর্ণ ছিল না।
মামুদের অভিযানসমূহঃ-
১০০১ খ্রীষ্টাব্দঃ- এটা ছিল মামুদের প্রথম ভারত অভিযান। এই অভিযানে পেশােয়ারের যুদ্ধে শাহীবংশের রাজা জয়পালকে পরাজিত ও বন্দী করেন এবং মুলতান জয় করেন।
১০০৯ খ্রীষ্টাব্দঃ- মামুদ জয়পালের পুত্র আনন্দপালের নেতৃত্বে গড়ে ওঠা শক্তিজোটকে উন্দের যুদ্ধে পরাস্ত করে শাহী রাজ্য ধ্বংস করেন। মামুদ নাগরকোট বা কাংড়া লুঠ করেন এবং বহু ধনরত্ন নিয়ে যান। শাহী রাজ্যের পতন হলে গঙ্গা-যমুনার উপত্যকার দরজা সুলতান মামুদের কাছে খুলে যায়।
১০১৪খ্রীষ্টাব্দঃ- সুলতান মামুদ থানেশ্বর আক্রমন করে চক্ৰস্বামী মন্দির লুঠ ও ধ্বংস করেন।
১০১৮ খ্রীস্টাব্দঃ- থুরায় বহু মন্দির লুঠ ও ধ্বংস করেন এবং এক বিরাট পরিমান সােনা, রূপা ও নগদ টাকা নিয়ে যান। নিয়ে যান।
১০১৯ খ্রীষ্টাব্দঃ- চান্দেলরাজ বিদ্যাধরকে পরাজিত করে তাঁর বশ্যতা স্বীকারে বাধ্য করেন এবং কালিঞ্জর দূর্গ লুঠ করে বহু ধনরত্ন ও যুদ্ধের হাতী নিয়ে চলে যান।
১০২৪-২৫ খ্রীষ্টাব্দঃ- মামুদের সর্ববিখ্যাত অভিযান ছিল এটি। গুজরাটের সােমনাথ মন্দির লুণ্ঠন ছিল এই অভিযানের লক্ষ্য। বহু বছর ধরে এই ভারতবিখ্যাত মন্দিরে বহু হীরা মনিমুক্তা, রত্নখচিত চন্দ্রাতপ, সােনা ও রূপা জমা হয়েছিল৷ মন্দিরে অগনিত ভক্ত-পুরােহিত ও দেবদাসী ছিল। আনাহিলবাড়ের চালুক্যরাজ ভীম ও অন্যান্য হিন্দুরাজারা এই পবিত্র মন্দির রক্ষার জন্য প্রানপনে বাধা দিয়ে ও মামুদের হাতে পরাস্ত হন। মামুদ সােমনাথের মন্দির ও বিগ্রহ ধ্বংস করে দুকোটি স্বর্ণমুদ্রা, বহু অলংকার, সােনা-রুপার সিংহাসন, দামী রত্নখচিত চন্দ্রাতপ নিয়ে যান।
১০২৭ খ্রীষ্টাব্দঃ- জাঠদের বিরুদ্ধে সুলতান মামুদ ভারতে সর্বশেষ অভিযান পরিচালনা করেন।
উপসংহারঃ-
ভারতে তুর্কি আক্রমণ শুধু একটি সামরিক বিজয়ের ইতিহাস নয়, বরং এটি উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের এক মোড় পরিবর্তনকারী অধ্যায়। এই আক্রমণের মাধ্যমে ভারত প্রথমবারের মতো একটি সংগঠিত মুসলিম শাসনের মুখোমুখি হয়, যা পরবর্তীতে দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্যের রূপ নেয়। তুর্কি শাসকরা শুধু শাসনব্যবস্থা নয়, বরং স্থাপত্য, সাহিত্য, শিক্ষা ও ধর্মীয় চিন্তাধারার ক্ষেত্রেও এক নতুন ধারার সূচনা করে।
তবে এই পরিবর্তন সবসময় শান্তিপূর্ণ ছিল না—অনেক ক্ষেত্রে সংঘাত, ধ্বংস ও প্রতিরোধের চিত্রও দেখা যায়। তবুও ইতিহাস সাক্ষ্য দেয়, তুর্কি আক্রমণের মাধ্যমে ভারত বহুসাংস্কৃতিক সমাজে পরিণত হয় এবং ভবিষ্যতের রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে। তাই, তুর্কি আক্রমণ ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়।
তথ্যসূত্র (Source)
- “Early History of India” – Romila Thapar
- “History of Medieval India” – Ishwari Prasad
- “The Wonder That Was India (Part II)” – S.A.A. Rizvi
- “A History of India” – Hermann Kulke & Dietmar Rothermund
- Online Sources
প্রশ্নঃ- তুর্কীদের মধ্যে কে প্রথম ভারত আক্রমন করেন?
উত্তরঃ- সুলতান মামুদের পিতা সবুক্তগীন
প্রশ্নঃ- গজনীর সুলতান মামুদ কোন পথে প্রবেশ করে ভারত আক্রমন করেন ?
উত্তরঃ- খাইবার পাস (বর্তমানে ইহা পাকিস্থানে অবস্থিত)
প্রশ্নঃ- সবুক্তগিনের ঐতিহাসিক গুরুত্ব কী ?
উত্তরঃ- সবুক্তগিন গজনি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে ইসলামি সাম্রাজ্যের সম্প্রসারণের সূচনা করেন, যা পরে মাহমুদ গজনবীর মাধ্যমে আরও বিস্তৃত হয়।
প্রশ্নঃ- সবুক্তগিনের মৃত্যুর পর কে ক্ষমতায় আসেন?
উত্তরঃ- তার মৃত্যুর পর প্রথমে তার আরেক পুত্র ইসমাঈল শাসক হন, কিন্তু পরে সুলতান মামুদ ইসমাঈলকে পরাজিত করে ক্ষমতা গ্রহণ করেন।
প্রশ্নঃ- সুলতান মামুদের পিতার নাম কী?
উত্তরঃ- সবুক্তগীন।







