ঋগবৈদিক যুগের ধর্মীয় ও সামাজিক জীবন [Religious and social life of the Rig Vedic period](1500 – 1000 BCE.)

ঋগবৈদিক যুগ ভারতীয় সভ্যতার একটি গৌরবময় প্রাচীন অধ্যায়, যার কালসীমা প্রায় খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ পর্যন্ত বিস্তৃত। এই সময়কাল মূলত ঋগ্বেদের ভিত্তিতে পরিচিত, যা ভারতীয়দের সর্বপ্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈদিক গ্রন্থ।

ঋগবৈদিক যুগের মানুষদের জীবনধারা ছিল ধর্ম, আচার-অনুষ্ঠান ও সমাজব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। ধর্মীয় জীবনে প্রাকৃতিক শক্তিকে দেবতাত্মক রূপে পূজা করা হতো, এবং যজ্ঞ ছিল প্রধান ধর্মীয় আচার। অপরদিকে, সামাজিক জীবনে পরিবার ছিল সমাজের কেন্দ্রবিন্দু, যেখানে গৃহস্থ জীবন, আর্য ও অনার্য বিভাজন, নারী-পুরুষের ভূমিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। এই যুগের ধর্মীয় ও সামাজিক জীবন পরবর্তী ভারতের সাংস্কৃতিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

Table of Contents

ঋগবৈদিক যুগের ধর্মীয় জীবন [Religious life in the Rig Vedic period](1500 – 1000 BCE.)

ঋগবৈদিক যুগ (খ্রিস্টপূর্ব প্রায় 1500 থেকে 1000 অব্দ) হলো ভারতে প্রাচীনতম বৈদিক সভ্যতার প্রাথমিক পর্ব। এই যুগের মূল ধর্মীয় গ্রন্থ ছিল ঋগ্বেদ, যা সংস্কৃত ভাষায় রচিত। ঋক বৈদিক যুগের ধর্মীয় জীবন ছিল মূলত প্রাকৃতিক উপাসনাকেন্দ্রিক, বহু দেবতাবাদী (Polytheistic), এবং যজ্ঞকেন্দ্রিক। নিচে এই সময়কার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো:-

সর্বপ্রাণবাদ:–

  •  ঋগবৈদিক যুগে আর্যরা আদিম সর্বপ্রাণবাদে অর্থাৎ সর্বত্র প্রাণের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন। এই বিশ্বব্রয়াণ্ডের চেতন-অবচেতন সমস্ত পদার্থের মধ্যেই তারা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করত।

. অপৌত্তলিকতাবাদ ও একেশ্বরবাদ:–

  •  বহু দেবদেবীর আরাধনা করলেও আর্যরা পৌত্তলিক ছিল না। ঋগবৈদিক আর্যরা এক-এক সময় এক-এক দেবতাকে সর্বশ্রেষ্ঠ বা সর্বশক্তিমান বলে মনে করত, যা অনেক একেশ্বরবাদ (henotheism) নামে পরিচিত।

পুরুষ দেবতার প্রাধান্য:-

  •  ঋগবৈদিক যুগে পুরুষ দেবতাদেরই প্রাধান্য ছিল। নারী দেবতারা সংখ্যায় ও গুরুত্বে ছিলেন নিতান্তই কম। তবে ঋগ্‌বৈদিক ঋষিদের কাছে কোনাে একজন দেবতা বিশেষভাবে গুরুত্ব পাননি বা সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হননি।

যাগযজ্ঞ ও বলিদান:-

 আর্যদের ধর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল যজ্ঞানুষ্ঠান ও বলিদান প্রথা। দেবতাদের সন্তুষ্ট করার জন্য যজ্ঞ উপলক্ষ্যে যড় বলি দেওয়া হত। যজ্ঞানুষ্ঠান পরিচালনার একচেটিয়া অধিকার ছিল ব্রাম্মণ পুরােহিতদের হাতে।

Religion of the Rig Vedic period
ঋক বৈদিক যুগের ধর্ম ও যাগ – যজ্ঞের চিত্র।
যজ্ঞের উদ্দেশ্য:-
  • বৃষ্টি ও ফসলের জন্য প্রার্থনা।
  • যুদ্ধজয়ের কামনা।
  • গৃহসুখ, সন্তান লাভ ও স্বাস্থ্য কামনা।
  • স্বর্গলাভ ও পিতৃপুরুষদের তুষ্টি।
যজ্ঞের উপাদান ও পদ্ধতি:-
  • বেদপাঠ= যজ্ঞে ঋগ্বেদের মন্ত্র পাঠ করা হতো।
  • অগ্নিকুণ্ড= যজ্ঞের কেন্দ্রে অগ্নিকুণ্ড থাকত, যেখানে অগ্নিদেবতাকে কেন্দ্র করে অন্য দেবতাদের আহুতি -দেওয়া হতো।
  • অহুতি (অগ্নিতে আহুতি দান)=ঘি, দুগ্ধ, ধান্য, পশু ইত্যাদি উৎসর্গ করা হতো।
বলিদানের প্রকৃতি:-
  • পশুবলি= ঋগবৈদিক যুগে মাঝে মাঝে পশুবলির উল্লেখ পাওয়া যায়। গরু, ঘোড়া বা অন্যান্য পশু উৎসর্গ করার রীতি ছিল, বিশেষ করে বৃহৎ যজ্ঞে (যেমন অশ্বমেধ যজ্ঞ)। তবে এগুলো ছিল নির্বাচিত অনুষ্ঠান এবং সবসময় নয়।
  • প্রতীকী বলি= অনেক সময় বলিদান প্রতীকী ছিল—বাস্তবিক প্রাণীর পরিবর্তে শস্য, ফল বা তরল পদার্থ (যেমন সোম রস) ব্যবহার করা হতো।
  • সোম রসের ব্যবহার= সোম লতা থেকে প্রস্তুত একটি পানীয় ছিল যেটি দেবতাদের আহুতির অংশ হিসেবে নিবেদিত হতো এবং যজ্ঞকারী ব্রাহ্মণরাও পান করতেন। সোম দেবতাকে এটি উৎসর্গ করা হতো, এবং এটি বলিদানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল।

জন্মান্তরবাদ:-

  • ঋগবৈদিক যুগে জন্মান্তরবাদের ধারণা সরাসরি এবং পূর্ণ রূপে বিকশিত হয়নি, তবে তার বীজরূপে কিছু ধারণা যেমন আত্মা, স্বর্গ, যম, এবং মৃত্যুর পরবর্তী জীবন—এইসবের মধ্য দিয়ে পরবর্তীকালের জন্মান্তরবাদ ও মোক্ষ তত্ত্বের ভিত্তি স্থাপিত হয়। 
  • আর্যরা বিশ্বাস করত যে মৃত্যুর পর কর্মফল ভােগ করার জন্য মানুষ পুনরায় জন্মগ্রহণ করে।

আরাধ্য দেবতাগণ:-

ঋগবৈদিক যুগে আর্যরা বহু দেবদেবীর পূজায় বিশ্বাসী ছিল। ঋগবৈদিক যুগের বিভিন্ন দেবতাদের মধ্যে উল্লেখযােগ্য ছিলেন—

  • ইন্দ্র = দেবতাদের রাজা। ইন্দ্র যুদ্ধ ও বজ্রের দেবতা।
  • অগ্নি = দেবতাদের পুরােহিত, যজ্ঞের আহুতি গ্রহণকারী ও মানুষের মধ্যে সংযােগরক্ষাকারী দেবতা।
  • মিত্র = সন্ধি, শপথ ও প্রতিজ্ঞা রক্ষার দেবতা।
  • বরুণ=  পাপপুণ্যের ধারক।
  • বায়ু = বাতাসের দেবতা।
  • সােম = বৃক্ষাদির দেবতা।
  • মরুৎ = ঝড়ের দেবতা।
  • পর্জন্য = বৃষ্টির দেবতা।
  • সূর্য = আলাের দেবতা।
  • যম = মৃত্যুর দেবতা।
  • রুদ্র= ধবংসের দেবতা।

ঋগবৈদিক যুগের সামাজিক জীবন [Social life of the Rig Vedic period] (1500 – 1000 BCE.)

পারিবারিক জীবন:-

  • ঋগবৈদিক আর্যরা সংগঠিত সমাজ ব্যবস্থা তৈরি করেছিল। রাষ্ট্রের মত সমাজের ভিত্তি ছিল পরিবার। পরিবার ছিল পিতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের সর্বাপেক্ষা বয়স্ক পুরুষ বা কর্তা ‘গৃহপতি’ হিসেবে গণ্য হতেন।
  • পরিবারের উপর পিতার দায়িত্ব বা কর্তৃত্ব ছিল সবচেয়ে বেশি। পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন ছিল। সন্তানের উপর পিতামাতার কর্তৃত্ব নিয়ন্ত্রণ অব্যাহত ছিল। অবশ্য পিতা পুত্রের সম্পর্ক ছিল স্নেহ ও শ্রদ্ধার।
  • পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠপুত্র পরিবারের দায়িত্ব লাভ করতেন। বেদে ‘অতিথি’ শব্দের ব্যবহার থেকে অনুমান করা যায় যে, অতিথি সেবাকে তৎকালীন সমাজে বিশেষ গুরুত্ব দেওয়া হত।

সমাজে নারীর স্থান:-

  • ঋগবৈদিক সমাজে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হত। যেহেতু সমাজ ছিল পিতৃতান্ত্রিক, সেহেতু সকলেই পুত্র সন্তান কামনা করত।
  • কিন্তু কন্যা সন্তানকে অবহেলা করা হত না। নারীরা সেযুগে পর্দানশীন ছিলেন না, স্ত্রীশিক্ষার সুযোগ ছিল। ঘোষা, মমতা, অপালা, বিশ্ববরার মতো নারী’রা শিক্ষার উচ্চতম স্তরে পৌঁছে ছিলেন। এমনকি দর্শনশাস্ত্র পাণ্ডিত্য লাভ করেছিলেন এবং বৈদিক মন্ত্রও রচনা করেছিলেন।
  • এই যুগে লোমশা, পৌলোমী ও বশমায়নীর মতো নারীরা ধর্মীয় সাধনায়ও বিশেষ সাফল্য অর্জন করেছিলেন। বিবাহকে পবিত্র ও অবিচ্ছেদ্য বন্ধন বলে মনে করা হত। সমাজে বাল্য বিবাহের প্রচলন ছিল না।
  • পতি নির্বাচনে মেয়েদের স্বাধীনতা ছিল। কিন্তু ব্যতিক্রম থাকলেও এক পতিই ছিল প্রচলিত রীতি। তবে পুরুষদের ক্ষেত্রে একাধিক বিবাহ নিষিদ্ধ ছিল না।
  • বিধবা বিবাহ অনুমোদিত ছিল। স্বামীর মৃত্যুর পর তাঁর সতী হওয়ার কোন নির্দেশ বৈদিক সাহিত্যে নেই।
  • বিধবা নারীরা কুল বা জাতির মধ্যেই পুনর্বিবাহ হওয়ার রীতি ছিল। সুতরাং সহমরণ এমনকি কঠোর বৈধতা যাপন কোনটিই ঋক বৈদিক যুগে প্রচলিত ছিল না। নারীদের নৈতিক চরিত্রের মানও ছিল উন্নত।
  • এযুগের নারী জনসভায় অংশগ্রহণ করতেন। ঋকবেদের নারীকে যুদ্ধেও অংশগ্রহণ করতে দেখা যায়। বীর নারী বিষ্পলা যুদ্ধে তার পা হারিয়েছিলেন।

বর্ণপ্রথা:-

ঋগবৈদিক যুগে জাতিভেদ প্রথা ছিল কি না, এ ব্যাপারে ঐতিহাসিক দের মধ্যে মতবিরোধ বিদ্যমান। অনেকে ঋগবৈদিক যুগে জাতিভেদ প্রথায় বিশ্বাসী।

  • ঋগবেদের দশম মন্ডলের অন্তর্গত বিখ্যাত পুরুষসুক্তে উল্লেখ আছে যে, আদি পুরুষ বা ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের, বাহু থেকে ক্ষত্রিয়ের, উরুদেশ থেকে বৈশ্যের, ও তাঁর পদযুগল থেকে শূদ্রের উদ্ভব হয় এবং সমাজ চার জাতিতে বিভক্ত ছিল।
  • সমালোচকদের মতে, পুরুষসূক্তের এই বর্ণনা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে। এর সবচেয়ে বড় ত্রুটি হল যে এই শ্লোকটি পরবর্তীকালে প্রক্ষিপ্ত। সুতরাং পরবর্তীকালে রচিত ও রচনার ভিত্তিতে সমগ্র ঋক বৈদিক যুগের বৈশিষ্ট্যকে চিহ্নিত করা ইতিহাস সম্মত নয়।
  • ঐতিহাসিক A. L. Basham, D. D. Kosambi বলেছেন যে, ঋক বৈদিক যুগে জাতিভেদ ছিল না। তাদের মধ্যে তখন সমাজে বর্ণ ও শ্রেণী বৈষম্য ছিল এবং বর্ণবৈষম্য ব্যাপারে সবাই মোটামুটি একমত।
  • ঋগবৈদিক যুগের প্রথম দিকে সমাজ বর্ণের ভিত্তিতে দুই সম্প্রদায়ে বিভক্ত ছিল- আর্য ও অনার্য। আর্যরা ছিল গৌরবর্ণ ও দীর্ঘকায় এবং অনার্যরা ছিল কৃষ্ণবর্ণ ও তুলনামূলকভাবে খর্বাকার।
  • ঐতিহাসিক R.S. Sharma-র মতে কৃষ্ণকায় অনার্য থেকে গৌরবর্ণ আর্যদের পার্থক্য বোঝানোর জন্য বর্ণের ভিত্তিতে সর্বপ্রথম আর্য সমাজের শ্রেণী ভেদের উদ্ভব হয়, জাতিগত অর্থে নয়।
  • ধীরে ধীরে জীবন জটিল হলে বা জনসংখ্যা বৃদ্ধির ফলে গুণ এবং কর্মের ভিত্তিতে সমাজে চারটে শ্রেণীতে বিভক্ত হয়- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
  • 1) ব্রাহ্মণ= যারা বিদ্যাচর্চা যজ্ঞাদিতে নিযুক্ত ছিলেন তাঁরা ব্রাহ্মণ নামে পরিচিত হন।
  • 2) ক্ষত্রিয়= যারা যুদ্ধকার্যে, দেশ রক্ষা ও দেশ শাসনে নিযুক্ত থাকতেন তারা ক্ষত্রিয় নামে পরিচিত হতেন।
  • 3)বৈশ্য= যারা কৃষি, ব্যবসা, বাণিজ্য ও পশু পালন করতেন তারা বৈশ্য নামে পরিচিত হন।
  • 4)শূদ্র= আর যারা এই তিনটি শ্রেণীর সেবায় নিযুক্ত হতেন, তারা শূদ্র নামে অভিহিত হন।
  • এভাবে বৃত্তি অনুসারে সমাজে চারটি শ্রেণীর উদ্ভব হয়। তখন নিজ বৃত্তি ত্যাগ করে অপর শ্রেণীর বৃত্তি গ্রহণ, মিলিতভাবে আহার গ্রহণ এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপনে বাধা ছিল না। ব্রাহ্মণ পুরুষ, ক্ষত্রিয় নারীকে বিবাহ করত এমন বৃত্তিতে নিযুক্ত ছিলেন, এমন প্রমাণ আছে।
  • ঋক্ বৈদিক যুগে অস্পৃশ্যতা, খাদ্যের ব্যাপারে ছোঁয়ার কোন বাধা নিষেধ ছিল না। তবে পরবর্তী বৈদিক যুগে জাতিভেদ প্রথার উদ্ভব হয়।

চতুরাশ্রম:-

চতুরাশ্রম ছিল আর্য সমাজের এক অন্যতম বৈশিষ্ট্য। এই অবস্থা সমাজের প্রথম তিন শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই প্রথা অনুসারে জীবনকে চারটি আশ্রমে বিভক্ত করা হত, যথা- ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস।

  • 1)ব্রহ্মচর্য=জীবনের প্রথম আশ্রম কে বলা হত ব্রহ্মচর্য।
  • 2)গার্হস্থ্য=বাল্যে ও কৈশরে গুরুগৃহে থেকে বিদ্যা চর্চা করতে হত।যৌবনে বিবাহ করে সংসার ধর্ম পালন বা গার্হস্থ্য আশ্রম ছিল দ্বিতীয় পর্যায়ে।
  • 3)বানপ্রস্থ= পৌঢ় অবস্থায় তৃতীয় আশ্রম ছিল বানপ্রস্থ। সেই সময়ে সাংসারিক দায়-দায়িত্ব থেকে মুক্ত হয়ে নিলিপ্ত জীবন অতিবাহিত করতে হত।
  • 4)সন্ন্যাস= সর্বশেষ পর্যায় কে বলা হয় সন্ন্যাস। এই সময়ে সংসার ত্যাগী সন্নাসীর মতো ইহলৌকিক বিষয়ে নিরাসক্ত হয়ে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতে হত।
  • তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে Prof. R. S. Sharma-র মতে আর্যদের চতুরাশ্রম রীতি পরবর্তী বৈদিক কালে সৃষ্টি হয়।

খাদ্য, পোশাক-অলংকার ও আমোদ-প্রমোদ:-

ঋগবৈদিক যুগে আর্যদের খাদ্যাভাস ছিল সাধারণ এবং অনাড়ম্বর। দুধ, দুগ্ধজাত দ্রব্য, তরকারি, ফল, মাছ এবং মাংস তাদের খাদ্যের তালিকায় প্রাধান্য পেয়েছিল।

  • গো মাংস আহার নিষিদ্ধ ছিল না।তবে দুগ্ধজাত গাভী হত্যা নিষিদ্ধ ছিল। আর্যরা দুই প্রকার উত্তেজক পানীয় ব্যবহার করত। একটি হল সূরা (সাধারণ পানীয়) এবং অপরটি হল ‘সোমরস’, যা বিশেষ উৎসবের দিন পালন করা হত।
  • এ যুগে আর্যদের নারী ও পুরুষের পোশাকের বিশেষ কোনো তারতম্য ছিল না। তিন প্রকার পোশাকের প্রচলন ছিল- 1) নিবি বা অন্তর্বাস, 2) বহির্বাস 3) অধিবাস বা আংরাখা।
  • পোশাক-পরিচ্ছদ তুলা, পশম, মৃগচর্ম দিয়ে তৈরি হত। নারী-পুরুষ উভয়েই পাগড়ী ব্যবহার করতো বলে মনে করা হয়। নারী-পুরুষ উভয়েই অলংকার পরিধান করত। অলংকার প্রধানত সোনা ও মূল্যবান পাথর দিয়ে তৈরি হত।
  • এযুগে আর্যদের দৈনন্দিন জীবনযাত্রা নিরানন্দময় ছিল না। আমোদ-প্রমোদের যথেষ্ট ব্যবহার ছিল। ঋকবেদ থেকে জানা যায় যে পাশা খেলা, মুষ্টিযুদ্ধ, রথের দৌড়, শিকার, নিত্য গীত প্রভৃতি ছিল দৈনন্দিন আমোদ-প্রমোদের অঙ্গ।
  • সমাজে জুয়া খেলা নিন্দনীয় হলেও বহু লোক এর প্রলোভনে পড়ত। আর্যদের সংগীত ও চারুকলার দিকে ঝোঁক ছিল। বাঁশি, বিনা ও ঢোলক সহ তারা নিত্যগীত করত। পেশাদারী নর্তকীরা নৃত্যকলায় পারদর্শী ছিল।

উপসংহার:-

ঋগবৈদিক যুগ ছিল প্রাচীন ভারতের ধর্মীয় ও সামাজিক জীবনের গঠনের প্রাথমিক স্তর। এই যুগে মানুষের ধর্ম ছিল প্রকৃতি-নির্ভর ও আচার-অনুষ্ঠানভিত্তিক। যজ্ঞ, বলিদান ও মন্ত্রপাঠ ছিল ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু।

সামাজিক জীবনে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা, বৈদিক শিক্ষার প্রচলন এবং বর্ণভিত্তিক শ্রেণিবিন্যাসের সূচনা লক্ষ করা যায়। যদিও তখনকার সমাজে নারীদের কিছু স্বাধীনতা ছিল—তারা শিক্ষা গ্রহণ করতে পারত, এমনকি কিছু নারী ঋষি হিসেবে খ্যাতিও অর্জন করেছিল।

ঋগবৈদিক যুগের ধর্মীয় ভাবনা ও সামাজিক রীতিনীতিগুলি পরবর্তী কালে উপনিষদ, পুরাণ ও ধর্মশাস্ত্রে আরও পূর্ণতা পায়। এই যুগ ভারতীয় সভ্যতার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তথ্যসূত্র ( Source)

  • “History of Ancient India” – R.S. Sharma
  • “Early India: From the Origins to AD 1300” – Romila Thapar
  • “The Vedic Age” – Published by the Bharatiya Vidya Bhavan
  • “Ancient Indian History and Civilization” – Sailendra Nath Sen
  • Online source

প্রশ্ন –ঋকবৈদিক যুগে সমাজে বর্নভেদ বা জাতিভেদ প্রথার প্রচলন কেমন ছিল?

উত্তর – বিশেষ ছিল না।

প্রশ্ন –ঋকবৈদিক যুগে রাষ্ট্রের ভিত্তি কি ছিল?

উত্তর – পরিবার ।

প্রশ্ন –ঋকবৈদিক যুগে পরিবারের প্রকৃতি কেমন ছিল?

উত্তর – যৌথ একান্নবর্তী পিতৃতান্ত্রিক ।

প্রশ্ন –ঋকবৈদিক যুগে কয়েকজন যুদ্ধবিশারদ নারীর নাম কর?

উত্তর – ইন্দ্রসেনা, বিশপলা, মৃদঙ্গলানী ।

প্রশ্ন –ঋক বৈদিক যুগে পরিবারকে কী বলা হত

উত্তর – কুল ।

প্রশ্ন –ঋকবৈদিক যুগে ধর্মীয় সাধনায় সাফল্য লাভ করেন এমন কয়েকজন নারীর নাম লেখ-

উত্তর –লোমাশা, জুহু, পৌলমী ও কামায়নী।

Leave a Comment