পরবর্তী বৈদিক যুগের সামাজিক জীবন [Social life of the Later Vedic period](1000 – 600 BCE.)

ঋগ্বৈদিক যুগের পরবর্তী সময়কালকে পরবর্তী বৈদিক যুগ বলা হয়। এই সময়েই সমাজে বর্ণভিত্তিক শ্রেণিবিন্যাস, পিতৃতান্ত্রিক পারিবারিক কাঠামো, এবং ধর্মীয় রীতি নীতির গুরুত্ব পেতে শুরু করে,- যা পরবর্তী কালের ধর্ম, দর্শন, রাজনীতি ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে।

নারীর অবস্থান পূর্বের তুলনায় কিছুটা অবনতির দিকে যায় এবং বর্ণভিত্তিক বৈষম্য ধীরে ধীরে সুসংহত হতে থাকে। একইসাথে কৃষিকাজ, লৌহ প্রযুক্তি ও বাণিজ্যের বিকাশের ফলে জীবিকায় বৈচিত্র্য আসে। ঋগ্বৈদিক যুগের তুলনায় এই যুগে সামাজিক জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়।

পরবর্তী বৈদিক যুগের সামাজিক জীবন [Social life of the Later Vedic period](1000 – 600 BCE.)

1.পারিবারিক জীবন:-

  • পরিবারের প্রধান ছিলেন গৃহপতি বা পিতা। তিনি পরিবারের সকল সদস্যের উপর কর্তৃত্ব বজায় রাখতেন। পিতার মৃত্যুর পর সাধারণত পুত্ররা সম্পত্তির উত্তরাধিকারী হতো।
  • একাধিক প্রজন্ম নিয়ে যৌথ পরিবার গঠিত হতো। পরিবারের সকল সদস্য একত্রে বসবাস করত, সম্পত্তি ও দায়িত্ব ভাগাভাগি করে।

2.সামাজিক বর্ণ প্রথা:-

পরবর্তী বৈদিক যুগে বর্ণব্যবস্থা অনেক বেশি কঠোর এবং সংগঠিত হয়ে ওঠে। বর্ণ ব্যবস্থা ক্রমে জন্মভিত্তিক হয়ে ওঠে, যা সামাজিক গতিশীলতা সীমিত করে।

Caste system based on birth in society
সমাজে জন্মভিত্তিক বর্ণ ব্যবস্থা
  • শুরুতে বর্ণ প্রথা ছিল গুণ ও কর্মভিত্তিক, অর্থাৎ একজন ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী বর্ণ নির্ধারণ করতে পারত।
  • কিন্তু পরবর্তী বৈদিক যুগে এটি জন্মভিত্তিক রূপ নেয়। অর্থাৎ কেউ কোন পরিবারে জন্ম নিচ্ছে, তার উপর নির্ভর করে তার বর্ণ নির্ধারিত হতো।
  • এই সমাজে জন্মভিত্তিক বর্ণ ব্যবস্থা – ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
  • ব্রাহ্মণ- সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণি। তাদের কাজ ছিল যজ্ঞ অনুষ্ঠান, ধর্মীয় আচার, পাঠ ও শিক্ষা প্রদান। ব্রাহ্মণরা শাস্ত্র ও বেদের ব্যাখ্যাকারী হিসেবে সম্মান পেত। তারা ধীরে ধীরে সমাজে রাজনৈতিক প্রভাবও বিস্তার করতে থাকে।
  • ক্ষত্রিয়- রাজা, সেনাপতি ও যোদ্ধা শ্রেণি এই বর্ণে অন্তর্ভুক্ত ছিল। তাদের কাজ ছিল রাজ্য পরিচালনা, শাসন ও নিরাপত্তা রক্ষা। ব্রাহ্মণদের পরে তারা সামাজিক মর্যাদায় দ্বিতীয় অবস্থানে ছিল।
  • বৈশ্য- কৃষক, গোপালক, কারিগর ও বণিকরা এই শ্রেণির অন্তর্গত ছিল। তারা সমাজের অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলে। যদিও তারা কর্মে গুরুত্বপূর্ণ, তবে সামাজিক মর্যাদায় নিচু ছিল।
  • শূদ্র- সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণি হিসেবে বিবেচিত হতো। তাদের কাজ ছিল উচ্চ বর্ণের সেবা ও শ্রমনির্ভর কাজ করা। তারা ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারত না এবং সামাজিকভাবে উপেক্ষিত ছিল।
  • বর্ণ প্রথা ক্রমে কঠোর ও অনমনীয় হয়ে ওঠে এবং সামাজিক বিভাজন ও বৈষম্য তৈরি করে।

3.নারীর সামাজিক অবস্থান:-

এই সময়ে নারীদের সামাজিক মর্যাদা ও অবস্থান পূর্ববতী ঋগ্বৈদিক যুগের তুলনায় ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এই সময়ে সমাজে পিতৃতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে এবং নারীরা ক্রমেই পুরুষের অধীনস্থ অবস্থানে চলে যায়।

  • ঋগ্বৈদিক যুগে নারীরা শিক্ষালাভ করতে পারত, এমনকি ঋষি, মন্ত্র রচয়িতা ও ধর্মীয় আচারেও অংশ নিতে পারত। কিন্তু পরবর্তী বৈদিক যুগে শিক্ষা প্রতিষ্ঠান যেমন গুরুকুলে নারীদের প্রবেশাধিকার হারিয়ে যায়।নারীদের উপনয়ন (দীক্ষা) নিষিদ্ধ হয়ে পড়ে।তারা যজ্ঞ, ধর্মীয় আলোচনা বা বৈদিক শিক্ষায় অংশ নিতে পারত না।
  • বাল্যবিবাহ প্রথা শুরু হয় এবং ধীরে ধীরে তা সমাজে গ্রহণযোগ্যতা পায়। নারীদের পিতার বা পরিবারের পছন্দ অনুযায়ী বিবাহে বাধ্য করা হতো। একাধিক স্ত্রী গ্রহণ বা বহুবিবাহ প্রচলিত থাকলেও নারীদের জন্য তা সম্ভব ছিল না। স্ত্রীকে পরিবারের “অধীনস্থ” সদস্য হিসেবে বিবেচনা করা হতো—বাল্যকালে পিতার, যৌবনে স্বামীর, এবং বার্ধক্যে পুত্রের অধীন।
  • নারীদের সম্পত্তির উত্তরাধিকার বা মালিকানা অধিকাংশ ক্ষেত্রেই স্বীকৃত ছিল না। বিধবা নারীরা সামাজিকভাবে নিঃস্ব ও অবহেলিত হতেন। বৈধভাবে কিছু পৈত্রিক সম্পত্তি পাওয়ার কথা থাকলেও তা কার্যত ছিল সীমিত।
  • তবে, কিছু বিদুষী ও ধর্মজ্ঞানী নারীর উল্লেখ পাওয়া যায়, যেমন- গার্গী ও মৈত্রেয়ী – যাঁরা দার্শনিক বিতর্কে অংশ নিয়েছিলেন। তবে এসব উদাহরণ ছিল বিরল এবং মূলধারার নারীদের অবস্থার প্রতিফলন নয়।
  • নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ধর্মীয় ও সামাজিক রীতির প্রভাবে সংকীর্ণ হয়ে ওঠে। সমাজে নারীর অবস্থান একপ্রকার গৃহবন্দী ও গৌণ ভূমিকায় পরিণত হয়। এই অবস্থাই পরবর্তী কালে বৌদ্ধ ও জৈন ধর্মের নারীবান্ধব দৃষ্টিভঙ্গিকে জনপ্রিয় করে তোলে।

4.খাদ্য ও খাদ্যাভ্যাস:-

  • প্রধান খাদ্য- ধান, যব, গম ছিল প্রধান খাদ্যশস্য। খিচুড়ি, পায়েস জাতীয় খাবার জনপ্রিয় ছিল। দুগ্ধজাত খাবার (দুধ, দই, ঘি, মাখন) প্রচুর পরিমাণে খাওয়া হতো। মধু একটি পুষ্টিকর ও পবিত্র খাদ্য হিসেবে বিবেচিত হতো।
  • আমিষ আহার- আর্যদের মধ্যে গোমাংস, ছাগমাংস, হাঁস-মুরগি, মাছ খাওয়ার প্রচলন ছিল, তবে পরবর্তী সময়ে গোমাংস গ্রহণের বিষয়ে দ্বিধা দেখা দেয়। যজ্ঞে পশুবলি ও গো-আহুতি থাকলেও, পরবর্তীকালে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

5.পোশাক-অলংকার:-

  • পোশাক-পুরুষেরা সাধারণত ধুতি বা বসন পরত এবং উপরে উত্তরীয় (এক প্রকার চাদর) ব্যবহার করত। নারীরা অন্তবাস ও বাহ্যবাস (সারি সদৃশ পোশাক) পরিধান করত। কাপড় সাধারণত সুতির ও পশমজাত হতো; অভিজাতদের পোশাক রঙিন ও অলঙ্কৃত ছিল।
  • অলংকার– নারী-পুরুষ উভয়ই অলংকার ব্যবহার করত। নারীরা কণ্ঠহার, কানের দুল, নাকফুল, চুড়ি, পায়েল ও গয়না পরত। পুরুষরা আঙুলিতে আংটি ও হাতে কাঁকন পরত।অলংকারে সোনা, রুপা, তামা ও মুক্তা ব্যবহৃত হতো।
  • প্রসাধনী– নারীরা চুলে তেল দিত এবং সুগন্ধি ও কুমকুম ব্যবহার করত। কাজল, আলতা, মেহেদি ব্যবহারের প্রচলন ছিল।

6.আমোদ-প্রমোদ ও বিনোদন:-

  • রথ চালানো, দণ্ড-ক্রীড়া, ধনুর্বিদ্যা, কুস্তি ও ঘোড়দৌড় জনপ্রিয় ছিল। শিশু ও যুবকদের শরীরচর্চা ও খেলাধুলায় উৎসাহ দেওয়া হতো।
  • বীণা, মৃদঙ্গ, শঙ্খ, ধ্বনি-বাজনা ব্যবহৃত হতো।গীত, বাদ্য ও নৃত্য ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানে অনিবার্য অংশ ছিল। দেবতাদের প্রশংসায় সঙ্গীত পরিবেশন করা হতো।
  • নাটক, কাব্য পাঠ, ধাঁধা ও কৌতুক ছিল ঘরোয়া বিনোদনের মাধ্যম। যজ্ঞ ও উৎসব উপলক্ষে সামাজিক সমাবেশ, গানের আসর ও আতিথেয়তার ব্যবস্থা থাকত।

উপসংহার:-

এই সময়ে সমাজে বর্ণব্যবস্থা আরও দৃঢ় হয় এবং তা জন্মনির্ভর রূপ লাভ করে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র — এই চারটি বর্ণ অনুযায়ী সমাজে কাজ ও মর্যাদা নির্ধারিত হতো। নারীসমাজের অবস্থান আগের তুলনায় অবনমন ঘটে; তাঁদের শিক্ষাগ্রহণ ও ধর্মীয় কাজে অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে। পরিবারে পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রধান হয়ে ওঠে এবং যৌথ পরিবার ব্যবস্থা গড়ে ওঠে।

সর্বোপরি বলা যায় যে, — পরবর্তী বৈদিক যুগে সামাজিক কাঠামো আরও সুসংগঠিত ও কঠোর হয়ে ওঠে, যা ভবিষ্যতের ভারতীয় সমাজব্যবস্থার ভিত্তি স্থাপন করে।

তথ্যসূত্র ( Source)

  • “History of Ancient India” – R.S. Sharma
  • “Early India: From the Origins to AD 1300” – Romila Thapar
  • “The Vedic Age” – Published by the Bharatiya Vidya Bhavan
  • “Ancient Indian History and Civilization” – Sailendra Nath Sen
  • Online source

প্রশ্ন- এই যুগের সমাজে কীভাবে বর্ণ ব্যবস্থা প্রভাব ফেলেছিল ?

উত্তর:– এই যুগের বর্ণ ব্যবস্থা আরও কঠোর হয়ে ওঠে। জন্মের ভিত্তিতে বর্ণ নির্ধারণ হতো এবং সামাজিক ও পেশাগত ক্ষেত্রে তা মানুষের সুযোগ-সুবিধা নির্ধারণ করত।

প্রশ্ন- পরবর্তী বৈদিক যুগে সমাজ কেমন ছিল ?

উত্তর:– এই যুগে সমাজ ক্রমে জটিল ও স্তরভিত্তিক হয়ে ওঠে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণ বা শ্রেণির ভিত্তিতে সমাজ বিভক্ত ছিল।

প্রশ্ন- নারীদের অবস্থান কেমন ছিল এই সময়ে ?

উত্তর:– নারীদের অবস্থান আগের তুলনায় অনেকটা দুর্বল হয়ে পড়ে। তারা শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ড থেকে অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তাদের বিয়ের বয়স কমে যায়।

প্রশ্ন- পরিবার ব্যবস্থা কেমন ছিল?

উত্তর:– পরিবার ছিল মূলত যৌথ পরিবার, যেখানে পিতৃতান্ত্রিক কাঠামো বিরাজ করত এবং পরিবারের প্রধান ছিলেন পুরুষ সদস্য, সাধারণত বৃদ্ধ পিতা।

প্রশ্ন- নারী ও পুরুষের মধ্যে বৈষম্য কি ছিল ?

উত্তর:– হ্যাঁ, এই সময়ে নারী ও পুরুষের মধ্যে স্পষ্ট বৈষম্য দেখা যায়। নারীদের ধর্মীয় ও সামাজিক স্বাধীনতা কমে যায় এবং তারা পুরুষের অধীনস্থ হয়ে পড়ে।

Leave a Comment